দেশের দ্বিতীয় শীর্ষ টেলিকম অপারেটর রবি আজিয়াটা পিএলসি উচ্চ মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫ সালে ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়েছে। বছর শেষে অপারেটরটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৩৭.১ কোটি টাকা, যা রবির ব্যবসায়িক ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ বার্ষিক মুনাফা।
মঙ্গলবার, ২২ এপ্রিল রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার রবি আজিয়াটা পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও নাসরীন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা সহ কোম্পানির অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাহীরা সভায় অংশগ্রহণ করেন।
উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রবি ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। এটি রবির এ যাবৎকালের সর্বোচ্চ কর-পরবর্তী মুনাফা। এই সাফল্যের পেছনে দ্বৈত-ব্র্যান্ড কৌশল, শৃঙ্খলাপূর্ণ মূলধন ব্যবস্থাপনা এবং ডেটা রাজস্ব বৃদ্ধির কথা উল্লেখ করেন রবি আজিয়াটা পিএলসির চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই।
তিনি বলেন, পরিচালনগত স্থিতিশীলতা, ফোরজি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং প্রায় শূন্য ঋণ অবস্থান কোম্পানির শক্তিশালী আর্থিক অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০২৫ সাল শেষে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৩৩.৬ শতাংশ বেড়ে ১.৭৯ টাকায় দাঁড়িয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।