সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেনের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার, ১৩ জুলাই বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তার (সিআরও) কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সন্দেহজনক লেনদেনের প্রবণতা নজরে এসেছে। এ কারণে বিষয়টি বিস্তারিতভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের জন্য কমিশন কয়েকটি নির্দিষ্ট শর্ত বা টার্মস অব রেফারেন্স নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মাধ্যমে কোনো সমন্বিত, কারসাজিমূলক বা কৃত্রিম লেনদেন হয়েছে কি না তা শনাক্ত করা। পাশাপাশি অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং বা ভেতরের কেউ অবৈধ সুবিধা নিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও তাদের অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন রুলস এবং কমিশনের বিভিন্ন নির্দেশনা ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না, তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সন্দেহজনক লেনদেন প্রতিরোধে সংশ্লিষ্ট ব্রোকার হাউস ও তাদের প্রতিনিধিদের ভূমিকা মূল্যায়ন এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অন্য কোনো অনিয়ম ঘটেছে কি না, তাও তদন্তের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বিএসইসি আরও উল্লেখ করেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর দ্বিতীয় তফসিলের আচরণবিধি ৬ ও ৮ এবং বিধি ১১-এর সম্ভাব্য লঙ্ঘন প্রতিরোধে ব্রোকার হাউসের প্রধান নির্বাহী, কমপ্লায়েন্স অফিসার ও অনুমোদিত প্রতিনিধিদের প্রয়োজনীয়ভাবে সচেতন করতে হবে।
তদন্তে প্রয়োজনীয় লেনদেনসংক্রান্ত তথ্য-উপাত্ত সরবরাহ এবং সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তাকেও চিঠির অনুলিপি পাঠিয়েছে বিএসইসি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।