সকল মেনু

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আরও এক বছর সময় দিলো বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ নিয়োগ সম্পন্ন করার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর।

রোববার, ২৬ জুলাই এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বিএসইসি।

কমিশনের নির্দেশনায় বলা হয়, করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮-এর শর্ত অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক। এর আগে কমিশনের বিভিন্ন প্রজ্ঞাপন ও নির্দেশনার আলোকে এ নিয়োগের সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ সিদ্ধান্তে কমিশন ওই সময়সীমা আরও এক বছর বাড়িয়ে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে। একই সঙ্গে কমিশনের এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের কাছে দ্রুত পৌঁছে দিতে দেশের স্টক এক্সচেঞ্জগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির এ সিদ্ধান্তের ফলে যেসব তালিকাভুক্ত কোম্পানি এখনো পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করতে পারেনি, তারা নতুন নির্ধারিত সময়সীমার মধ্যে এ শর্ত পরিপালনের সুযোগ পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top