বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন একজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার, ২৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের শর্ত অনুযায়ী নতুন কমিশনারকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া, তার বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এদিকে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক সোমবার, ২৭ জুলাই জারিকৃত প্রজ্ঞাপন নম্বর-৫৩.০০.০০০০.০০০.৪২১.১১.০০০১. ২৬-১২৬ মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫(২) অনুযায়ী কমিশনার হোসেন সাদাত, এফসিএস-কে চার বছর মেয়াদের জন্য বিএসইসি এর কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
কমিশনার হোসেন সাদাতের যোগদানের মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনারদের পূর্ণাঙ্গ কাঠামো সম্পন্ন হলো। কমিশন আশা করে, পুঁজিবাজার, করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।