সকল মেনু

ডায়নামিক সানের শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের আরও ১১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে শিগগিরই চুক্তি করবে তারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পাবনায় ডায়নামিক সানের ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট বা সৌরবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি শেয়ার ৮ টাকা ৭০ পয়সা দরে মোট ১৩ লাখ ৯১ হাজার ৮০৭টি শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল। এই শেয়ারের মোট মূল্য ১ কোটি ২১ লাখ ৮ হাজার ৭২১ টাকা।

বর্তমানে ডায়নামিক সানের ৪৯ শতাংশ মালিকানা প্যারামাউন্ট টেক্সটাইলের; আরও ১১ শতাংশ শেয়ার কেনার মধ্য দিয়ে তা ৬০ শতাংশে উন্নীত হবে।

ডিসেম্বরে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্যারামাউন্ট টেক্সটাইল। এই সময় মুনাফা কমেছে তাদের। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৭ পয়সা আয় হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ১ টাকা ৩৪ পয়সা আয় করেছিল কোম্পানিটি।

ইপিএস কমার কারণ হিসেবে বলা হয়েছে, আলোচ্য সময়ে প্যারামাউন্টের এক সহযোগী কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। এ ছাড়া ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়ায় অর্থায়নের ব্যয় বেড়ে গেছে, ইপিএস কমে যাওয়ার এটাও আরেকটি কারণ।

গত এক বছরে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮৪ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪১ টাকা। প্যারামাউন্ট গত কয়েক বছরে তেমন একটা বোনাস দেয়নি। ২০২৩ ও ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ২০ ও ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এ ছাড়া ২০২১ ও ২০২০ সালে ৫ শতাংশ, ২০১৯ সালে ৯ শতাংশ ও ২০১৮ সালে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top