স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সাথে সম্পর্কিত নানা বিষয়ে সচেতন ও অবগত করার লক্ষ্যে ‘পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন অ্যাক্ট, রুলস অ্যান্ড গাইডলাইন অব রাইট টু ইনফরমেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ট্রেনিং একাডেমিতে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের প্রথম সেশন দুপুর ০২টা ৪৫ মিনিট থেকে ০৩টা ৪৫ মিনিট এবং দ্বিতীয় সেশন বিকাল ০৪টা থেকে ০৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ সেমিনারের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে তিনি ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করেন এবং তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিতে কাজ করার কথা বলেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অর্ডিন্যান্স, আইন ও বিধিমালার প্রেক্ষাপটে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
বিএসইসির উপপরিচালক জিয়াউর রহমান তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, বিধি ও গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় তথ্য অধিকার আইনের আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের প্রেক্ষাপটে তথ্যের উপযোগিতা এবং তথ্য প্রদান ও প্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রেজেন্টেশন উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রথম সেশনের সমাপনী বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক(ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার। এ সেশনে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের এজিএম ও তদুর্ধ্ব কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ডিএসইর ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে সেমিনারের দ্বিতীয় সেশন শুরু হয় বিকাল ০৪টায়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। তথ্য প্রাপ্তি একটি অধিকার উল্লেখ করে তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. আব্দুল হালিম। তিনি সবাইকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে উদ্যোগী হতে বলেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)