স্টাফ রিপোর্টার: পায়রা বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। কয়লা সঙ্কটে বন্ধ হয়ে যাওয়ার ২০ দিন পর ২৫ জুন, রবিবার বিকাল ৪ টায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ফলে বিদ্যুৎ সংকট কিছুটা কাটিয়ে লোডশেডিং কমার আশা করছেন সংশ্লিষ্টরা।
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশের আলম জানিয়েছেন, জাতীয় গ্রিডে ছয় শতাধিক মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। গত ২০ দিন কেন্দ্র বন্ধ থাকার সময়টাকে কাজে লাগিয়ে কেন্দ্র রক্ষণাবেক্ষণের কাজগুলো করে নেওয়া হয়েছে বলেও জানান।
পায়রার অপর ইউনিটটি কবে চালু হবে, সে বিষয়ে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। কয়লার অভাবে গত ২৫ মে বন্ধ হয় পায়রার প্রথম ইউনিট। তীব্র গরমে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের যাওয়া আসার মধ্যে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয়টি। এরপর সারাদেশে ভয়াবহ লোডশেডিং দেখা যায়।
গত শুক্রবার ভোরে ‘এমভি অ্যাথেনা’ নামের জাহাজটি ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে ভিড়ে। তখন শিগগিরই বিদ্যুৎ উৎপাদনের আশাবাদ ব্যক্ত করা হয়।
কেন্দ্রটি পুরোদমে চালাতে প্রতিদিন ১২ হাজার টন কয়লার প্রয়োজন। সে হিসাবে শুক্রবার আসা জাহাজের কয়লা দিয়ে একটি ইউনিট সাত তিন চালু রাখতে পারবে।
বিদ্যুৎকেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ১৭টি জাহাজ কয়লা নিয়ে আসবে। ফলে এবারের মতো সঙ্কটের আশঙ্কা করছে না তারা। উৎপাদন সচল থাকলে লোডশেডিংও কম হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)