Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন নূরুন নাহার

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৩ , ৬:২২ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৩, ৬:২২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিয়েছেন নূরুন নাহার। ডেপুটি গভর্নর পদে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১২ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহারকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

নূরুন নাহার ১৯৮৪ সালে বিএসসি এবং ২০০১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সরকার কর্তৃক নিয়োগ প্রদানের বিধান রয়েছে। ২০১৯ সালের ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গভর্নর পদে যোগ্যতা ও নিয়োগ পদ্ধতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ডেপুটি গভর্নর নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করতে পারবেন অথবা সরকার স্বীয় বিবেচনায় উক্ত পদে যেকোনো ব্যক্তিকে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করতে পারবেন। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে নূরুন নাহারকে ডিজি হিসেবে মন্ত্রণালয় বেছে নিয়েছে।

গত ১ জুলাই মেয়াদ পূর্ণ হয় ডেপুটি গভর্নর আহমেদ জামালের। ওই পদটিতে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার নিয়োগ পান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)