স্টাফ রিপোর্টার: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপে লেনদেন করতে হলে এখন থেকে ফি দিতে হবে। এই অ্যাপে লেনদেন করতে বিনিয়োগকারীদের ১ বছরে খরচ করতে হবে ১ হাজার ৫০০ টাকা।
বুধবার (১২ জুলাই) ডিএসই থেকে সকল ব্রোকারেজহাউসে মোবাইল অ্যাপের চার্জের বিষয়ে একটি চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ডিএসইর মোবাইল অ্যাপ ব্যবহার করতে ব্রোকারেজহাউসগুলোকে ডিএসই থেকে সংযোগ নিতে হবে। পাশাপাশি ক্লায়েন্টদের হাউসের অধীনে নিবন্ধন করতে হবে। সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছর শেষে ডিএসই-মোবাইলের নিবন্ধিত ব্যবহারকারী ছিল ৪৬ হাজার ৬২২ জন। এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা বিনিয়োগকারীদের জন্য রিয়েল টাইম শেয়ার লেনদেনের সুযোগ দিয়ে থাকে।
ডিএসই-মোবাইল অ্যাপটি ২০১৬ সালে চালু করা হয়। এরপর থেকে বিনিয়োগকারীরা এটি বিনামূল্যে ব্যবহার করতেন। তবে এখন থেকে অ্যাপটিতে লেনদেন করতে বিনিয়োগকারীদের এক বছরে খরচ করতে হবে ১ হাজার ৫০০ টাকা। ২০২২-২৩ অর্থবছরে এটির মাধ্যমে ২১ হাজার ৯৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন করা হয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)