Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসি চেয়ারম্যানকে ঘিরে অপপ্রচারে ঐক্য পরিষদের নিন্দা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৩ , ৩:১৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৩, ৫:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সম্পর্কে অনুসন্ধানি একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্ট (ওসিসিআরপি)। মার্কিন সংস্থাটি বিএসইসির চেয়ারম্যানের আর্থিক বিষয়ে তথ্যনির্ভর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনটি ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে বলে রোববার প্রতিবাদ নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে সভায় নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করেছে।

মার্কিন সংস্থাটি বিএসইসি চেয়ারম্যানকে ঘিরে সংবাদ প্রকাশ করায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজারের প্রতি আস্থার সংকট তৈরি ও বিরূপ প্রভাব পড়ছে। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বর্তমান কমিশন পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে অনেক কুচক্রী মহলের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে।

সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির সঙ্গে যে সব সংস্থা ও সমালোচিত ব্যক্তি জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান তারা। সভায় বিনিয়োগকারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)