স্টাফ রিপোর্টার: রবি আজিয়াটা লিমিটেডের সবচেয়ে বেশি শেয়ারের মালিকানায় রয়েছে এর প্রধান উদ্যোক্তা মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদ। গ্রুপটি থেকে সাড়ে ৫ কোটি ডলার ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সোমবার এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানিটি।
তথ্য অনুসারে, আজিয়াটা গ্রুপ থেকে তিন বছর মেয়াদি চুক্তির মাধ্যমে এ ঋণ নেবে রবি আজিয়াটা। এরই মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদে এ প্রস্তাব অনুমোদন হয়েছে। এ ঋণ নেয়ার ক্ষেত্রে উদ্যোক্তা গ্রুপ কোম্পানিটিকে জামানত হিসাবে কোনো প্রকার বন্ধকি রাখতে হবে না।
চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রবি আজিয়াটার সমন্বিত আয় হয়েছে ২ হাজার ৩৪৮ কোটি টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ১৯ কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যধানের কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৩২৯ কোটি টাকা বা ১৬ দশমিক ২৯ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২ কোটি টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২ কোটি টাকা বা ৫ দশমিক ৫১ শতাংশ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)