Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মার্কেন্টাইল ইসলামী লাইফের সিইও নিয়োগ বৈধতা নিয়ে প্রশ্ন

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ৩:৪১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

শাহীনুর ইসলাম: মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে আছেন মুহাম্মদ সাইদুল আমিন। তিনি শিক্ষাসনদ জালিয়াতি করে নির্বাহী পদে আছেন। তার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের অনুসন্ধান শুরু করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মুহাম্মদ সাইদুল আমিনের বিরুদ্ধে অভিযোগ, একাধিক বীমা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে চাকরি করেছেন তিনি। সম্প্রতি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যোগদানের পরে সনদ জালিয়াতির বিষয়টি সামনে আসে। তাকে অভিযুক্ত করা হলে সনদ সম্পর্কে ব্যাখা চায় আইডিআরএ।

তবে সিইও মুহাম্মদ সাইদুল আমিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে অপপ্রচার হিসেবে মনে করছেন। শিক্ষাসনদ সম্পর্কে মঙ্গলবার ফোনে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, কিছু লোক এই অপপ্রচার করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে বিব্রত করার চেষ্টা করছেন। যারা আমার কল্যাণ কামনা করেন না।

মাঠকর্মী থেকে সর্বোচ্চ পদে উঠে আসা মুহাম্মদ সাইদুল আমিন বলেন, উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে আইডিআরএ জানতে চাইলে জানিয়েছি- আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে সেই সনদপত্র দেয়াও হয়েছে। সনদ ঘষামাজার যে প্রশ্ন তোলা হচ্ছে- সে সম্পর্কে বলতে পারবো না। তবে বিশ্ববিদ্যালয়ের দেয়া সনদের খুব সহজেই সত্যতা যাচাই করা যায়।

সূত্র জানিয়েছে, মুহাম্মদ সাইদুল আমিন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা সনদ দিয়েছেন। সেখানে বড় ধরনের ত্রুটি হিসেবে ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণিতে পাশ করেন। অন্যদিকে দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে ২০০২ সালে বিবিএ এবং ২০০৪ সালে এমবিএ ডিগ্রির সনদ দাখিল করেছেন তিনি।

এদিকে, দূর্নীতি, সনদ বিক্রি ও নানা অনিয়মের কারণে বির্তর্কিত দি ইউনিভার্সিটি অব কুমিল্লা। সনদ বিক্রির শিক্ষা কর্মসূচি নিয়ে বিভিন্নভাবে বিতর্ক তৈরি হওয়ায় দি ইউনিভার্সিটি অব কুমিল্লার অনুমোদন স্থগিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। উচ্চশিক্ষার সনদবিক্রির অভিযোগ থাকা এবং একই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করায় মুহাম্মদ সাইদুল আমিনের বিরুদ্ধেও অভিযোগ তীব্র হয়।

আইডিআরএ সূত্র জানিয়েছে, সিইও সাইদুল আমিনের ইস্যু করা দুটি সনদের সত্যতা ও বৈধতা যাচাই করা হবে।
এদিকে, দি ইউনিভার্সিটি অব কুমিল্লাসহ তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে চলতি বছরের ৩১ মার্চ ‘অবৈধ’ ঘোষণা করেছে ইউজিসি। একইদিনে ‘অবৈধ’ ঘোষিত অন্য বিশ্ববিদ্যালয় দুটি হলো- ইবাইস ইউনিভার্সিটি ও আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি।

ইবাইস, আমেরিকা বাংলাদেশ এবং দি ইউনিভার্সিটি অব কুমিল্লা সম্পর্কে ইউজিসি জানায়, তিন বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ফলে ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমের আর কোনো আইনগত ভিত্তি নেই। এসব বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত কোনো ক্যাম্পাস ও ঠিকানা এবং চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নেই। অর্থাৎ বৈধ কোনো কর্তৃপক্ষ নেই।

‘অবৈধ’ ঘোষিত বিশ্ববিদ্যালয়ের সনদপত্র গ্রহণযোগ্য হবে কী-না সে নিয়েও প্রশ্ন উঠেছে।
যে কারণে শুধু সার্টিফিকেট ইস্যু নয়, মূখ্য নিবার্হী কর্মকর্তার শূন্যপদে সাইদুল আমিনকে নিয়োগের আবেদন তথ্যেও আইডিআরএর নির্দেশনা ভঙ্গ করেছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। অন্যদিকে, মূখ্য নিবার্হী কর্মকর্তা নিয়োগ বা অপসারণ নীতিমালায় বলা হয়েছে, কোন বীমা প্রতিষ্ঠানের শূন্যপদে সিইও নিয়োগ দেয়ার বিজ্ঞাপন কমপক্ষে দু’টি জাতীয় পত্রিকায় প্রকাশ করতে হবে। আইডিআরএর কাছে পাঠানো নিয়োগ সংক্রান্ত নথিতে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি দাখিল করা হয়েছে।

শিক্ষা সনদ সম্পর্কে আইডিআরএর পরিচালক ও মুখপাত্র (উপসচিব) মো. জাহাঙ্গীর আলম বলেন, তার শিক্ষাগত সনদের বৈধতা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। এ ছাড়াও অতীতে তিনি যেসব কোম্পানিতে যে সনদ দিয়ে চাকরি করেন সে বিষয়েও অনুসন্ধান করে দেখা হবে। কারণ, অবৈধ সনদ দিয়ে চাকরি নেয়া অপরাধ।

আইডিআরএর আরেক কর্মকর্তা বলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং হোমল্যান্ড লাইফে নিয়োগের সময় যে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও জীবন বৃত্তান্ত দাখিল করেছেন- তা যাচাই করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ দুটি সঠিক নয় প্রমাণিত হলে এবং উল্লেখিত দুটি সনদ হোমল্যান্ড লাইফ ও ফারইস্ট লাইফের নিয়োগের সময়ে ব্যবহার করে চাকরি করা হলে, তার পূর্বের কর্ম অভিজ্ঞতা অবৈধ হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)