Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিএনএ টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা ও একীভূতকরণের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২৩ , ৬:০৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২২, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার: সিএনএ টেক্সটাইল লিমিটেড প্রথমবারের মতো বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে সিএনএ টেক্সটাইল একীভূত করার সিদ্ধান্ত  নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (২০ জুলাই) কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুসারে ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ০.৪ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হবে।

সভা সূত্রে জানা গেছে, সিএনএ টেক্সটাইল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬-১৭ অর্থবছর থেকে টানা ৬বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের কালুরঘাটে ফ্যাক্টরির মাঠে (বিসিআইসি শিল্প এলাকা) আগামী ৮ আগস্ট দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনিয়োগকারীর অংশগ্রহণে এজিএম করবে কোম্পানির কর্তৃপক্ষ।

সভায় ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে ‘নো ডিভিডেন্ড’ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানির কর্তৃপক্ষ। এছাড়া দীর্ঘদিন ধরে ফ্যাক্টরিতে পড়ে থাকা স্ক্র্যাপ বিক্রি করে সেই টাকায় ২০২১-২২ অর্থবছরের জন্য ০.৪% নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে সিএনএ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫.০৭ টাকা।

২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.১০ টাকা। এছাড়া ৯ মাসে (জুলাই’২০২২-মার্চ’২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৩৩ টাকা।

এদিকে, কোম্পানির কর্তৃপক্ষ ব্যাংক ঋণের মোট সুদ ২৮ কোটি ৬৮ লাখ ২৫ হাজার ১৩৬ টাকা মওকুফ পেয়েছে। তার মধ্যে সুদ বাবদ ১৫ কোটি ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা মওকুপের প্রভাব কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বাকি ১৩ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৬৩৬ টাকা ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মওকুফ করা হয়েছে। এছাড়া অন্য ঋণের সুদ মওকুফ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

পুরোদমে উৎপাদনে ফিরতে সব ধরণের কার্যক্রম সম্পন্ন করেছে সিএনএ টেক্সটাইল বলে শনিবার রাতে জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ। উৎপাদনে ফিরতে গার্মেন্টস ইউনিটে ৫৭৯ এবং টেক্সটাইল ইউনিটে ২০০ মিলে ৭৭৯ লোকবল নিয়োগ দিয়েছে বলে তথ্য প্রকাশ করে।

এছাড়া দায়বদ্ধ ব্যাংক, অন্য পাওনাদার, শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডারদের সম্মতি সবই সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদন শেষে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো প্রতিবেদন নিচে দেখুন-

  • নতুন মালিকানায় সিঅ্যান্ডএ টেক্সটাইল পরীক্ষামূলক উৎপাদনে
  • সিএন্ডএ টেক্সটাইলে চলছে নতুন মেশিন বসানোর কাজ, শিগগিরই উৎপাদন

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)