Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনবিআরের পাওনা পরিশোধ করেছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৩ , ৩:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৩, ৩:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা প্রায় সাড়ে ১২ কোটি টাকা ঋণ পরিশোধ করেছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ জুলাই) সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখা থেকে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই বকেয়া পরিশোধ করেছেন ড. ইউনূস।

কর পরিশোধ শেষে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মো. রুহুল আমিন সরকার উপ-কর কমিশনার বরাবর একটি চিঠি লিখেন। এনবিআর ট্যাক্স জোন-১৪ ডেপুটি ট্যাক্স কমিশনারকে (সার্কেল-২৭৮) পাঠানো এক চিঠিতে তিনি বকেয়া কর পরিশোধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, আপিল বিভাগের আদেশ অনুসারে সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে পে-অর্ডারের মাধ্যমে মোট ১২ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ওই চিঠিতে রুহুল বলেন, ‘অনুদানের (ড. ইউনূসের দেওয়া) ওপর বকেয়া কর পরিশোধের জন্য কর অঞ্চল থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল। নোটিশের জবাবে মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু আপিল বিভাগ রায় দেন যে দানকর অবশ্যই দিতে হবে, যা করদাতা গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন।’

গত রবিবার (২৩ জুলাই) উচ্চ আদালতের আপিল বিভাগ ড. ইউনূসকে দানকরের বকেয়া এনবিআরকে পরিশোধের নির্দেশ দেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রুল জারি করেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাষ্ট্রপক্ষের এবং অ্যাডভোকেট ফিদা এম কামাল ড. ইউনূসের প্রতিনিধিত্ব করেন।

এর আগে ২০১১–২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ টাকা অনুদানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ টাকা কর চেয়ে ড. ইউনূসকে নোটিশ পাঠিয়েছিল এনবিআর। এছাড়া কর প্রশাসনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ২০১২–২০১৩ করবর্ষে আট কোটি ১৫ লাখ টাকা অনুদানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা কর চেয়ে আরেকটি নোটিশ জারি করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)