স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে কর্মরত অধ্যাপক ড. মাহমুদা আক্তারের চাকরির মেয়াদ আগামী দুই বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
২০২০ সালের ৩ আগস্ট তারিখে তিন বছরের জন্য বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট পদে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মাহমুদা আক্তার। তার চাকরির মেয়াদ তিন বছর পূর্ণ হওয়ায় নতুন করে চাকরির মেয়াদ ৩ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত দুই বছরের জন্য নবায়ন করা হয়েছে।
অধ্যাপক ড. মাহমুদা আক্তার জাপানের সুকুবা ইউনিভার্সিটি থেকে ২০০০ সালে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর পিএইচডি অর্জন করেন। এর আগে এই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৮৮৮ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ড. মাহমুদা স্নাতক ও স্নাতকোত্তর দুই জায়গায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি উভয় পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের চারটি বিভাগের মধ্যেও প্রথম স্থান অর্জন করেন। ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে চ্যান্সেলর পুরস্কার অর্জন করেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)