Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাতটি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠান টেকসই রেটিংয়ের ভালোর তালিকায়

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৩ , ৪:১৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩, ২০২৩, ৪:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের সাতটি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই রেটিংয়ের ভালো করা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে এই উদ্যোগ নিয়ে আসছে। এবারের তালিকাটি করা হয়েছে ২০২২ সালের তথ্যের ভিত্তিতে।

কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ যে টেকসই ব্যাংকের নাম প্রকাশ করেছে, সেখানে ক্রমতালিকা সাজানো হয়েছে আদ্যক্ষরের ভিত্তিতে। ফলে মানের দিক থেকে কোন ব্যাংক এগিয়ে আছে, তা এখানে জানা যায় না। টেকসই ১০ ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, দি সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স ও লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড।

মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি।

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে কয়েক বছর ধরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব প্রকল্পে ঋণ, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। অনেক ব্যাংকে সৌর বিদ্যুতের ব্যবহার হচ্ছে। গাছ কাটা কমাতে কমিয়ে আনছে কাগজের ব্যবহার। পাশাপাশি অফিসগুলোতে বিদ্যুতের ব্যবহার কমাতে নানা উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, টেকসই কোর ব্যাংকিং সূচকের মধ্যে ব্যাংকগুলোর ঋণের মান, মূলধন পরিস্থিতি, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকেও বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে নতুন অনেক ব্যাংক যুক্ত হচ্ছে, অনেকগুলো বাদ পড়েছে।

তবে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই মান যাচাইয়ের ক্ষেত্রে একটি ব্যাংকের পুরো আর্থিক চিত্র প্রকাশ পায়নি। ফলে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সেরা, এর মাধ্যমে তা বলা যাবে না।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)