সিনিয়র রিপোর্টার: বেস্ট হোল্ডিংস লিমিটেডকে আইনি ছাড় দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মূল প্রতিষ্ঠান লা মেরিডিয়ান পুঁজিবাজার তালিকাভুক্তির অনুমোদন বা ছাড় না পেলেও প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) আসছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।
পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানকে ২০২০ সালে ‘সরাসরি তালিকাভুক্তির’ উদ্যোগ নিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রভাবশালী একটি পক্ষ। তখন সেই প্রক্রিয়া আটকে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সেই নিয়ন্ত্রক সংস্থাই আইনি ছাড় দিয়ে বেস্ট হোল্ডিংসকে শেয়ারবাজারে আসার পথ সহজ করে দিয়েছে।
অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকশিত ময়মনসিংহের ছোট্ট শহর ভালুকায় তৈরি করা হচ্ছে পাঁচ তারকা হোটেল। একই সঙ্গে সেখানে উচ্চ মানের বেসরকারি আবাসন প্রকল্প, বিশ্বখ্যাত একটি বিদ্যালয়ের শাখা এবং একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। ইতোমধ্যে গত বছরের ২০ অক্টোবর রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে রোড শো’ করেছে।
বেস্ট হোল্ডিংস অধিক মূল্যে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা তুলতে চায়।
শেয়ারবাজারে আসার আগেই প্রাইভেট প্লেসমেন্ট ও বন্ডের মাধ্যমে ব্যক্তি ও ব্যাংকের কাছ থেকে বড় অঙ্কের মূলধন সংগ্রহ করেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। প্রাইভেট প্লেসমেন্টে কোম্পানির শেয়ার কিনেছেন শতাধিক রাজনৈতিক ব্যক্তি এবং প্রশাসনিকভাবে ক্ষমতাশালী ব্যক্তি ও ব্যাংক।
দীর্ঘদিন ধরে রাষ্ট্রমালিকানাধীন বিভিন্ন ব্যাংকের বিনিয়োগ আটকে আছে। সরকারের শেষ সময়ে তাই বিনিয়োগ ফেরত দিতে পুনরায় উদ্যোগ নেয়া হয়েছে। সে জন্য আইপিও আবেদনের ক্ষেত্রে সব আইনি প্রতিবন্ধকতায় ছাড় দেয়া হয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পাবলিক ইস্যু আইন অনুযায়ী, কোনো কোম্পানি আইপিওতে আবেদনের দুই বছর আগে থেকে শুধু বোনাস শেয়ার ইস্যু ছাড়া অন্য কোনোভাবে মূলধন বাড়াতে পারে না। কিন্তু কোম্পানি এই সময়ের মধ্যে বন্ড ছেড়ে বড় অঙ্কের মূলধন সংগ্রহ করেছে। বন্ডের একটি উল্লেখযোগ্য অংশকে আবার শেয়ারেও রূপান্তর করা হয়েছে। তাতে আইন অনুযায়ী কোম্পানির আইপিও আবেদন বাধাগ্রস্ত হয়। এ কারণে আইনি বিধানে কোম্পানিটিকে বিশেষ ছাড় দেয়া হয়েছে।
আইনি ছাড় নিয়ে গত ২৭ জুলাই গেজেট আকারে প্রকাশ করা হয়।
পাবলিক ইস্যু আইনে বলা হয়েছে, আইপিও আবেদনের আগে কোম্পানির ইস্যু করা শেয়ার তিন বছরের জন্য বিক্রয় নিষেধাজ্ঞা বা লক-ইন থাকবে। যেদিন থেকে কোম্পানিটির শেয়ার শেয়ারবাজারে লেনদেন হবে, সেদিন থেকে লক-ইনের সময় গণনা শুরু হবে। এছাড়া আইপিও অনুমোদনের আগে নতুন করে আর কোনো শেয়ার ইস্যু করতে পারবে না।
বেস্ট হোল্ডিংস ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নেয়ার আগে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে রাষ্ট্রায়ত্ব সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের কাছ থেকে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। ব্যাংকগুলো প্রাইভেট প্লেসমেন্টে কোম্পানির প্রতিটি শেয়ার ৬৫ টাকায় কেনে।
২০২০ সালে ব্যাংকের কেনা শেয়ার বা ‘মালিকানার’ কারণে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ নেয়া হয়েছিল।
বিএসইসির আইন অনুযায়ী, বেসরকারি খাতের কোম্পানি সরাসরি তালিকাভুক্তি আইনিসিদ্ধ নয়। তবে সরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।
আইনি ছাড় সম্পর্কে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, কোনো কোম্পানিকে আইনি ছাড় দিয়ে শেয়ারবাজারে আনা উচিত নয়। যদি কোনো কোম্পানি সব আইন পরিপালন করে শেয়ারবাজারে আসার যোগ্য হয়, তবে যাচাই-বাছাই করে অনুমোদন দেয়া উচিত। কাউকে বিশেষ সুবিধা দেয়া উচিত নয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)