Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অর্থনীতিকে এগিয়ে নিতে নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন: বিএসইসি চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২৩ , ৪:০১ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ৯, ২০২৩, ৪:০৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন। তাদের ছাড়া দেশের অর্থনীতির চাকা এগিয়ে যেতে পারবে না। তাই দেশের অর্থনৈতিক সব সেক্টরে নারীর অংশগ্রহণ প্রয়োজন।

মঙ্গলবার, ০৮ আগস্ট রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) আয়োজিত ‘পুঁজিবাজারে নারী’ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে একজন নারী নেতৃত্ব দিচ্ছেন। উনার অভিজ্ঞতার কারণে আজ দেশের অর্থনীতি অনেক দূর এগিয়েছে। উনার কারণেই আজ আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি।

তিনি আরও বলেন, সেকেন্ডারি মার্কেটের বেলায় আমি বলবো সেখানে বিনিয়োগ করতে হলে একটু জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। না হলে আপনার ঝুঁকি আছে। জেনে বুঝে বিনিয়োগ করতে পারলে এই মার্কেট থেকেও আপনারা লাভবান হতে পারবেন। তবে সেখানে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে বিনিয়োগ শিক্ষা অর্জন করতে হবে। তার জন্য  বিএএসএম এবং বিআইসিএম সর্বদা কাজ করে যাচ্ছে। বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা বৃদ্ধি করার জন্য।

এসময় বিএসইসি কমিশনার অধ্যাপক রুমানা ইসলাম বলেন, পুঁজিবাজার বলতে আমরা শুধু শেয়ার বেচাকেনা বুঝি। কিন্তু পুঁজিবাজারে এ ছাড়াও অনেক কিছু আছে। যা আমরা বুঝি না।

তিনি বলেন, আমাদের যে রেগুলার কর্মসূচি তার মধ্যে আমরা চেষ্টা করি নারীদের জন্য আলাদা ট্রেইনিংয়ের ব্যবস্থা করার। আমরা মেয়ে বলে কোনো দিক দিয়েই কম না। আমেরিকার পুঁজিবাজারে একটা প্রচলিত কথা আছে, নারীরা মনে করে আমরা পুরুষের সমান নয়। আসলে নারীরা পুরুষের সমান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)