Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘‘বিশ্ব বাণিজ্যে পণ্যের গুণগত মান ঠিক রেখে এগিয়ে গেলে সাফল্য আসবে‘’

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২৩ , ১২:২০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৩, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের গুণগত মান ঠিক রেখে এবং প্রতিযোগিতা করে আমাদের এগিয়ে যেতে হবে এবং সাফল্য আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আমি জীবনের শেষ প্রান্তে এসে যখন দেশের এমন সফলতা অর্জন দেখতে পাই তখন খুবই ভালো লাগে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-১ এর ওয়ালটন আয়োজিত এটিএস এক্সপো-২০২৩-এর সমাপনী অনুষ্ঠানে ১২ আগস্ট, শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবী কারো একার নয়, সবার জন্য পৃথিবী। এখানে আমাদের অধিকার আছে। শুধু একটা বিষয়, আমাদের গুণগত মান ঠিক করতে হবে, খাতিরে কেউ কাউকে কিছু দেবে না। আমার মনে হয়, ওয়ালটনের মাধ্যমে আমরা সে স্বপ্ন দেখতে পাচ্ছি।

আমাদের দেশের কোনো সংস্থা বা কোম্পানি যখন বিশ্বের দরবারে সফলতা অর্জন করে তখন আমার খুব ভালো লাগে। আজ আমাদের দেশের ছেলে-মেয়েরা পরিশ্রম করে সফলতা অর্জন করেছে।

তিনি আরো বলেন, আমাদের সন্তানরা সফলতা অর্জন করতে গিয়ে যখন সমস্যায় পড়ে, তখন আমাদের সরকারের দায়িত্ব হলো তাদের প্রটেকশন দেয়া। আমরা পলিসিসহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের সাহায্য করে থাকি। প্রধানমন্ত্রী নিজেও চান আমাদের ব্যবসায়ীদের সহযোগিতা করতে।  দেশে অনেক ব্যবসায়ী গ্রুপ আছে যাদের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন। আর আমরা মনে করি, প্রতিযোগিতাই আমাদের এগিয়ে নিয়ে যাবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এসএম মাহবুবুল আলম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিউজ্জামান প্রমুখ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)