Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আলহাজ্ব টেক্সটাইলের ভুল তথ্য প্রদান, এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৩ , ৯:১৯ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২৩, ৫:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. বখতেরিয়ার রহমান প্রতিষ্ঠানটি সম্পর্কে স্টক এক্সচেঞ্জকে ভুল তথ্য দিয়েছেন। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এজন্য প্রতিষ্ঠানটির এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে।

বিএসইসির সাম্প্রতিক সভায় আলহাজ্ব টেক্সটাইল সম্পর্কে কোম্পানির এমডি স্টক এক্সচেঞ্জকে দেয়া তথ্য নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া, তথ্য যাচাই-বাছাই না করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির বোর্ড সংস্কার সম্পর্কে মিথ্যা তথ্য পোস্ট করার জন্য দায়ি ডিএসই কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বখতিয়ার রহমান কোম্পানিটির পরিচালক নন এমন একজন অননুমোদিত ব্যক্তির উপস্থিতিতে কোম্পানির অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নিয়ে আলোচনা করেন। এরপর তিনি স্টক এক্সচেঞ্জকে কোম্পানির বোর্ড মিটিং সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেন। যার মাধ্যমে কোম্পানির শেয়ারহোল্ডারদের বিভ্রান্ত করা হয়েছে।

এছাড়া, স্টক এক্সচেঞ্জকে কোম্পানির মাসিক শেয়ার ধারণ বিষয়ে তিনি ভুল তথ্য প্রদান করেছেন। শেয়ার ধারণের মাসিক তথ্য যেখানে কোম্পানির সচিব স্বাক্ষর করার করা কথা, সেখানে তিনি নিজে স্বাক্ষর করেছেন।

এর আগে কমিশন কোম্পানি চেয়ারম্যান খন্দকার কামালুজ্জামানসহ স্বতন্ত্র পাঁচ পরিচালকের মধ্যে তিনজনকে অপসারণ করেছে। অপসারিত দুই স্বতন্ত্র পরিচালক হলেন- এমডি জিকরুল হক ও এএফএম আবদুল মঈন।

এরপর বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান এবং নোভারটিস বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ফাহমিদ ওয়াসিক আলীকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্য দুই স্বাধীন পরিচালক, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের সিনিয়র ফ্যাকাল্টি সদস্য মো. সেলিম এবং ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফাইন্যান্স ড. মুহাম্মদ সাইফুদ্দিন খান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)