স্টাফ রিপোর্টার: রয়েল টিউলিপ সী পার্ল রিসোর্টের শেয়ার কারসাজির তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) রোববার, ২০ আগস্ট এই নির্দেশ দেন বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কমিশনার মো. আবদুল হালিম।
তদন্তের নির্দেশ পেয়ে ডিএসইর তদন্ত দল ইতোমধ্যে দুইটি ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, কারসাজির মাধ্যমে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ সী পার্লের শেয়ারের দাম সাড়ে ৭ মাসে সাড়ে ৭ গুণ বাড়ানো হয়েছে। এর নেতৃত্ব দেয় মো. লুৎফুল গনি টিটু নামের এক ব্যক্তির নেতৃত্বাধীন একটি চক্র। ৮টি ব্রোকারেজ হাউজ থেকে ৫০টি বিও অ্যাকাউন্ট ব্যবহার করে এসব কারসাজি করা হয়েছে। এর সঙ্গে ইনসাইডার ট্রেডিং রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
কোম্পানিটির শেয়ার কারসাজি নিয়ে রোববার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জাতীয় একটি দৈনিক। এরপর তাৎক্ষণিকভাবে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয় ডিএসইকে। তদন্তকালে ডিএসই দৈনিকটিতে প্রকাশিত বিও অ্যাকাউন্টগুলো ধরে সংশ্লিষ্ট ব্রোকারেজ থেকে তথ্য সংগ্রহ করবে। এরপর হাউজগুলো এবং সংশ্লিষ্টদের বক্তব্যসহ রিপোর্ট তৈরি করবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)