সিনিয়র রিপোর্টার: অর্থ কেলেঙ্কারিতে সমালোচিত প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সেই কোম্পানির কারখানা পরিদর্শনে গিয়ে প্রবেশ করতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল।
নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের বর্তমান উৎপাদন অবস্থা সম্প্রতি পরিদর্শনে কোম্পানিটির কারখানা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিদর্শক দল। তবে কারখানা বন্ধ থাকায় পরিদর্শন না করেই ফিরে আসতে হয় লটিকে। এতে ডিএসইর পরিদর্শক দল নর্দার্ণ জুটের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি।
ডিএসই সূত্রে জানা গেছে, ০৫ সেপ্টেম্বর নর্দার্ণ জুটের শেয়ারের দর ০ দশমিক ১৯ শতাংশ বা ৪০ পয়সা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২১২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি কয়েক বছর আগে শেয়ার কিনে রাতারাতি নর্দার্ণ জুটসহ পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও দুটি কোম্পানির নিয়ন্ত্রণ নেয় প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। পরিচালক পদে বসান স্বজনদের। প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ও এক ভবনে অর্থাৎ কারওয়ান বাজারের ডিএইচ টাওয়ারে নিয়ে আসেন তিনি।
পি কে হালদারের নিয়ন্ত্রণে অন্য দুটি প্রতিষ্ঠানের নামে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে ১৭০ কোটি ঋণ নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৭০ কোটি টাকা ঋণের সুবিধাভোগী পি কে হালদার।
পুঁজিবাজার থেকে নর্দান জুটের শেয়ার কেনেন পি কে হালদার। সেখানে চেয়ারম্যান করা হয় পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জল কুমার নন্দীকে। আর পরিচালক করা হয় পি কে হালদারের খালাতো ভাই অমিতাভ অধিকারীকে।
পিকে হালদার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় বন্ধ হয়েছে কোম্পানিগুলো। যদিও ভারতে পরে আটক হন তিনি। ব্যতিক্রম হয়নি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও বিনিয়োগকারীদের সাথেও।
কোম্পানিটি গত ২ বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি। এমনকি ২০২০ সালের পর থেকে কোনো আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেনি। স্টক এক্সচেঞ্জের সাথেও যোগাযোগ রাখছে না কোম্পানিটি। ফলে কোম্পানিটির হালনাগদ কোনো তথ্য জানার উপায় নেই।
তবু অন্ধকারে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করছেন অনেক বিনিয়োগকারী। এমন একটি দূর্বল কোম্পানির শেয়ারের দাম টানা বেড়েছে। বর্তমানে বাজারে শেয়ারটির দাম তার অভিহিত মূল্যের ২০ গুণেরও বেশি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)