সিনিয়র রিপোর্টার: এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে চায় পোশাক খাতের প্রতিষ্ঠান ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেড। তালিকাভুক্ত হতে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
রাজধানীর বারিধারায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং’র প্রধান কার্যালয়ে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী ইউনিভার্সাল ইয়ার্ন ডাইংয়ের করপোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল। পাশাপাশি প্রতিষ্ঠানটি শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিডি ফাইন্যান্স ক্যাপিটালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং ইউনিভার্সাল ইয়ার্ন ডাইংয়ের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ এল এম জিয়াউল হক চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সাল ইয়ার্ন ডাইংয়ের ডিরেক্টর অপারেশনস জুবায়ের বিন জিয়া রুবাবসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেডের কারখানা টাঙ্গাইল জেলার করটিয়া উপজেলার করুটিয়া গ্রামে। ২০১৫ সালে কোম্পানির উৎপাদন কার্যক্রম শুরু করে। কোম্পানিটির কটন ইয়ার্ন, টুইস্টেড পলিয়েস্টার ইয়ার্ন ও সুইং থ্রেড ডাইং প্ল্যান্ট রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)