Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘জমি, সোনা-গয়না বিক্রি বা বন্ধক দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ নয়’

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১০:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম বলেছেন, যে টাকা এক বছর ব্যাংকে পড়ে থাকলে সমস্যা নেই, সেই টাকাই পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। অনেকে জমি, সোনা-গয়না বিক্রি বা বন্ধক দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে। সেটি করা যাবে না।

রবিবার, ২৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিএসইসির কমিশনার বলেন, ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশে পরিণত হবো। সেখানে ক্যাপিটাল মার্কেটের ভূমিকা থাকবে।

সঞ্চয়ের কিছু অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখনই তোমাদের ভবিষ্যত গড়ার সময়। তাই আগে সঞ্চয় করতে হবে, পরে খরচ করতে হবে। আমার যদি এক লাখ টাকার সামর্থ্য থাকে, তবে আমি ৫০ হাজার টাকার ঝুঁকি নেবো। এক্ষেত্রে ৫০ লাখ টাকার ঝুঁকি নেওয়া যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বলেন, পুঁজিবাজারে কারসাজি রোধে লিগ্যাল ফ্রেমওয়ার্ম দরকার। ল’ অ্যান্ড এনফোর্সমেন্ট দুর্বল হলে বিনিয়োগকারীদের নিরাপত্তা থাকে না। বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রাথমিক দায়িত্ব।

ড. এটিএম তারিকুজ্জামান এসময় এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পর এটি দ্বিতীয় মঞ্চ যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। গতকাল পুঁজিবাজারের সাংবাদিকদের নিয়ে আমরা কর্মশালা করেছি আর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। এমন আয়োজনে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএসই এমডি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যত। আমরা এখানে এসেছি শুধু কিভাবে বাজারে বিনিয়োগ করতে হবে তা শেখাতে নয়। আপনারা যেহেতু আইন বিভাগের শিক্ষার্থী সেহেতু আপনাদের থেকে কেউ না কেউ সিকিউরিটিজ আইন নিয়ে কাজ করবেন। আমরা চাই পুঁজিবাজারে কারসাজি রোধে আরও শক্তিশালী লিগ্যাল ফ্রেমওয়ার্ম তৈরি হোক।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. সীমা জামান, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ডিএসই ট্রেনিং একাডেমির ডিজিএম সৈয়দ আল আমিন রহমান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)