স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের নগদ জমা ও শেয়ার আত্মসাৎ ঠেকাতে সব ব্রোকার প্রতিষ্ঠানকে তথ্য সংশোধন করা সম্ভব নয়– এমন ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
রোববার, ১ অক্টোবর এমন নির্দেশনা জারি করেছে সংস্থাটি। এ সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকদের অর্থ জমা ও উত্তোলন বা শেয়ার কেনাবেচার তথ্য সংরক্ষণ করা হয়।
নির্দেশনায় বিএসইসি বলেছে, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে এমন সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করতে হবে। ব্রোকারেজ হাউসগুলো নির্দেশনা প্রতিপালন করছে কিনা, তা দেখভালের দায়িত্ব ডিএসই ও সিএসইকে দেওয়া হয়েছে। গত সাড়ে তিন বছরে ক্রেস্ট, তামহা, বানকো ও শাহ সগীর নামের চার ব্রোকারেজ হাউসের মালিক তাদের গ্রাহকদের অজ্ঞাতে শেয়ার ও অর্থ আত্মসাতের তথ্য লুকাতে ‘ডুপ্লিকেট’ ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করতেন।
এমনকি সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএল থেকে শেয়ার বিক্রির তথ্য যাতে গ্রাহকরা না পান, সে জন্য সফটওয়্যার থেকে তাদের মোবাইল নাম্বার মুছে ফেলা হয়। ওই সফটওয়্যারে তথ্য সংশোধন বা মুছে ফেলার কোনো রেকর্ডও থাকত না। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, ‘আনএডিটেবল ব্যাক অফিস সফটওয়্যার’ সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করবে স্টক একচেঞ্জ। ব্রোকারদের ওই সফটওয়্যার ব্যবহার করতে হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)