Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অনুমতি ছাড়াই আল আমিন কেমিক্যালসের ২৫ কোটি টাকা সংগ্রহ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২৩ , ৩:৪২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৪, ২০২৩, ৩:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওভার দ্যা কাউন্টার (ওসিটি) মার্কেটে থাকা আল আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এমএসই মার্কেটে আসার ইচ্ছা প্রকাশ করেছে। তবে এসএমই মার্কেটে লেনদেন করতেও বিএসইসির নির্দেশনা মেনে চলতে হবে। তবে কোম্পানিটি ইতোমধ্যে কমিশনের অনুমোদন ছাড়াই নতুন শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন হিসেবে অতিরিক্ত ২৫ কোটি টাকা সংগ্রহ করেছে।

নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন অপরিহার্য হলেও আল আমিন কেমিকক্যাল তা আমলে না নিয়ে নতুন শেয়ার ইস্যু করেছে। আবার এসএমই মার্কেটে লেনদেনের ইচ্ছা প্রকাশ করেছে।

এমন কর্মকাণ্ডে চট্টগ্রামে কোম্পানির প্রধান কার্যালয় ও কারখানা পরিদর্শন করে তথ্য জমা দিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশনা দিয়ে একটি চিঠি দিয়েছে বিএসইসি।

আল-আমিন কেমিক্যাল ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে ২০০৯ সালে ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত হয়।

এই বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুন্সী শফিউদ্দিন বলেন, আল-আমিন কেমিক্যালের কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কোম্পানির আগের স্পন্সর-পরিচালকদের অংশীদারিত্ব অধিগ্রহণের পর, আমরা কয়েক মাস আগে আবার উৎপাদন শুরু করেছি। আমরা ইতিমধ্যে কোম্পানিতে কার্যকারী মূলধন হিসাবে একটি বড় অংশ বিনিয়োগ করেছি এবং আরও ধীরে ধীরে বিনিয়োগ করার পরিকল্পনা করছি।

তিনি বলেন, আমরা সরকারের কাছ থেকে সাড়া পাচ্ছি। এখন সাধারণ বিনিয়োগকারীরা এই কোম্পানিটি থেকে ভালো রিটার্ন পাবে।

এই জুলাইয়ে, ডিএসই বিনিয়োগকারীদের স্বার্থে আল-আমিনের কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করার জন্য কমিশনের কাছে এর কার্যকারি অবস্থা এবং অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখার জন্য অনুমোদন চেয়েছিল।

২০২২ সালের মে মাসে, ক্রিকেটার সাকিব আল হাসান তার সংস্থা মোনার্ক মার্ট এবং মোনার্ক এক্সপ্রেস এবং সহযোগীদের মাধ্যমে আল-আমিন কেমিক্যালের স্পন্সর-পরিচালকদের ৪৮.১৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছিলেন। যার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মুন্সি শফিউদ্দিন ৮.১৭৫ শতাংশ শেয়ার কিনেছিলেন।

আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এর কারখানা ফরিদপুরের কানাইপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এলাকায় অবস্থিত। এটি রাসায়নিক সার, ব্যাটারির পানি, পানীয় জল এবং সফটনার তৈরি করে।

২০২১-২২ অর্থবছরে কোম্পানিটি ১৫ লাখ টাকা লোকসান করেছে এবং এর শেয়ার প্রতি লোকসান ছিল ২৯ পয়সা। কোম্পানির স্পনসর এবং পরিচালকদের ৫০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৭.৪৬ শতাংশ শেয়ারের মালিক।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)