স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী মুনাফা বেড়েছে ৪ দশমিক ৬০ গুণ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৬৭ কোটি ৭ লাখ ৮১ হাজার ৬২৩ টাকা।
আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৮৫২ টাকা। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির বিক্রি হয়েছে ১ হাজার ৪২৮ কোটি ১১ লাখ ৭০ হাজার ৩৩১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৪৪৪ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৬৪ টাকা। চলতি বছরের নয় মাসে কোম্পানিটির উৎপাদন খরচ হয়েছে ১ হাজার ২১ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১২৩ কোটি টাকা।
উৎপাদন খরচ কমায় এ বছর কোম্পানিটির আয় বেড়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। সে হিসাবে কোম্পানিটির আয় ৫ টাকা ২৭ পয়সা বা ৩৬১ শতাংশ বেড়েছে।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৮৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭১ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিঙ্গার বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ২০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৯ টাকা ৯৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা শূন্য ৬ পয়সায়।
সিঙ্গার বাংলাদেশের ঋণমাণ দীর্ঘমেয়াদে ‘ত্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক গুণগত-পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
এর আগে সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিঙ্গার বাংলাদেশের পর্ষদ। ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিঙ্গার বাংলাদেশ। এ সময়ে ইপিএস হয়েছিল ৮ টাকা ৬ পয়সা। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানিটি। এছাড়া ২০১৮ হিসাব বছরে ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশের অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮৭ কোটি ৪৮ লাখ টাকা।
কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮। এর মধ্যে ৫৭ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ১৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৯১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৩ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)