স্টাফ রিপোর্টার: বাটা শু বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ফলাফলের উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩৩০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩৩ টাকা লভ্যাংশ দেওয়া হবে।
মঙ্গলবার, ৩১ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৬২তম সভায় আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আর এই আর্থিক ফলাফলের বিপরীতে ঘোষণা করা হয় আলোচিত অন্তর্বর্তী লভ্যাংশ।
লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, কেবল তারা-ই ঘোষিত লভ্যাংশ পাবেন।
অন্যদিকে বাটা শু গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির শেয়ারপ্রতি ১ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৪ টাকা ৩১ পয়সা লোকসান দিয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৩০ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ২০ টাকা ১১ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭২ টাকা ৫৪ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)