স্টাফ রিপোর্টার: দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের জন্য উপদেষ্টা প্যানেল গঠন করেছে। প্যানেলে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব। এফবিসিসিআই গঠিত এ উপদেষ্টা প্যানেলের উদ্দেশ্য অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এফবিসিসিআইকে পরামর্শ দেয়া।
এফবিসিসিআইয়ের নতুন এ উপদেষ্টা প্যানেলের প্রথম সভায় আলোচকরা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে ডলার সংকট, মূল্যস্ফীতিসহ জ্বালানি তেলের দাম বেড়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। এসব সংকটের মধ্যেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বেসরকারি খাতকে এগিয়ে নিতে এফবিসিসিআই কীভাবে নেতৃত্ব দিতে পারে, সে বিষয়ে উপদেষ্টাদের পরামর্শ চাওয়া হয়।
এছাড়া এসডিজি বাস্তবায়ন ও ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সরকারের সঙ্গে একটি রূপরেখা প্রণয়নের লক্ষ্যে জাতীয় সম্মেলন আয়োজন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কারসহ কর ব্যবস্থাপনায় অটোমেশনের ওপর গুরুত্ব দেয়া হয়।
এফবিসিসিআইয়ের উপদেষ্টা প্যানেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সরকারের সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, সাবেক মহাপুলিশ পরিদর্শক একেএম শহিদুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ফরিদ উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ।
শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সেলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাইনুল ইসলাম, বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইজাজ হোসেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এনামুল হক প্রমুখ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)