Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইপিওর টাকা ব্যবহারে সময় বাড়ল সিলভা ফার্মার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৫, ২০২৩ , ৭:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ৬:১৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যয়ের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পর্ষদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইপিওর অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানা যায়, এ বিষয়ে আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের কাছে অনুমোদন নেয়া হবে।

কোম্পানিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কারখানা ভবন নির্মাণ ও মূলধনি যন্ত্রপাতি আমদানির কাজ শেষ করা হয়নি। এ কারণে আইপিও তহবিলের পুরো ব্যবহার শেষ করতে পারেনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিলভা ফার্মার শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৭৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ১০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ উদ্যোক্তা পরিচালক ব্যতীত সব শেয়ারহোল্ডারকে (আইসিবি বাদে) দেয়া হয়েছে। ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৫ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৩ পয়সায় এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৬৩ পয়সা।

৩০ জুন, ২০২০-২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক ব্যতীত সব শেয়ারহোল্ডারদের (আইসিবি বাদে) ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস।

২০১৯-২০ হিসাব বছরের জন্যও উদ্যোক্তা পরিচালক ব্যতীত সব শেয়ারহোল্ডারকে (আইসিবি বাদে) ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালকদের বাদে অন্য শেয়ারহোল্ডাররা ৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। এছাড়া আলোচ্য হিসাব বছরে সব ধরনের শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)