স্টাফ রিপোর্টার: এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির আবেদনে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মিনোরি বাংলাদেশ লিমিটেডের অনুকূলে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।
সূত্র মতে, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের বর্তমানে পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৩৫ লাখ ৭২ হাজার টাকা। কোম্পানিটি এ মূলধন ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকায় উন্নীত করতে চায়।
এমারেল্ড অয়েলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশের অনুকূলে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে আরও ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজারটি নতুন শেয়ার ইস্যু করা হবে। ইস্যু মূল্য অনুযায়ী যার দর হবে ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা।
গত বছরের নভেম্বরে পরিশোধিত মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ। গত ২৭ ডিসেম্বর কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হয়। পরবর্তীতে বিএসইসির কাছে পরিশোধিত মূলধন বৃদ্ধির আবেদন করলে বুধবার (১৫ নভেম্বর) সংস্থাটি থেকে অনুমোদন দেয়া হয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)