স্টাফ রিপোর্টার: গত মার্চে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের পর্ববেক্ষণে কোম্পানি আইন ও শুল্ক আইন লঙ্ঘনের দায়ে আবদুস সালাম মুর্শেদীকে এনভয় টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার অযোগ্য বলে অভিহিত করা হয়েছিল। পরে এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। ফলে সালাম মুর্শেদী কোম্পানিটির পরিচালক পদে থাকতে পারবেন না। উচ্চ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ১২ নভেম্বর আপিল বিভাগে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে প্রদত্ত রায়ে আপিল বিভাগ উল্লেখ করেছেন, আমরা হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চ কর্তৃক গৃহীত ৯ মার্চ ২০২৩ তারিখের রায় এবং আদেশে হস্তক্ষেপ করার কোনো কারণ খুঁজে পাই না।
তাছাড়া গত ২৪ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির এজিএমে শেয়ারহোল্ডারদের দ্বারা নির্বাচিত পর্ষদকে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের মাধ্যমে একজন এমডি ও ডিএমডি নির্বাচনের নির্দেশ দেয়া হয়েছে। এজিএমে হাইকোর্টের সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করবেন বলে আপিল বিভাগের আদেশে বলা হয়েছে।
আপিল বিভাগের রায়ের বিষয়ে বিবাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম বলেন, নিয়ম অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একই সঙ্গে অন্য কোনো কোম্পানিতে একই পদে থাকতে পারবেন না। তা সত্ত্বেও সে সময় সালাম মুর্শেদী এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন এবং অন্তত ৩০টি কোম্পানিতে একই পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি কোম্পানি আইনের ১০৯ ধারার বিধান লঙ্ঘন করেছেন। তাই তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। মূলত কোম্পানির ভেঙে দেয়া পর্ষদ পুনর্গঠন হওয়ার পর আগের সব আর্থিক প্রতিবেদন গত ৯ মে অনুষ্ঠিত সভায় অনুমোদন করা হয়।
ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে গত ২৬ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছিল। তবে পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশের পরিপেক্ষিতে এজিএম স্থগিত করা হয়। গত ২৪ আগস্ট স্থগিত হয়ে যাওয়া এজিএম অনুষ্ঠিত হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)