Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২৩ , ১০:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পর্ষদ ৭০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির মেয়াদ সাত বছর। বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থে ব্যাংকটি ব্যাসেল-৩-এর শর্ত পূরণে টায়ার-২ মূলধন বাড়াবে। ২৭ নভেম্বর, সোমবার ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।

তথ্যানুসারে, পুরোপুরি অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য ‘এফএসআইবি ৪র্থ সাবর্ডিনেট বন্ড’ নামের এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টর মাধ্যমে ইস্যু করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে বন্ডটি ইস্যু করা হবে।

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৩ পয়সা, যা এর আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সায়।

৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ। ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২০ পয়সা (পুনর্মূল্যায়িত)।

ডিএসইতে সোমবার ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৮ টাকা ৯০ পয়সা ও ৯ টাকা ৮০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)