স্টাফ রিপোর্টার: বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ার বিক্রির নিলাম সফলভাবে শেষ হয়েছে। কোম্পানিটির শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে ৩৫ টাকা।
কোম্পানি সূত্রে জানা গেছে, নিলামে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে ৯৮টি প্রস্তাব জমা পড়ে। এতে ৮৩টি প্রস্তাব সফল হয়েছে। এসব প্রস্তাবের বিপরীতে কোম্পানিটি শেয়ার বরাদ্দ করবে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কোম্পানিটি এখন সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করবে। বিএসইসির নির্দেশনা অনুসারে, আট-অফ মূল্য থেকে ৩০ শতাংশ কম দামে তথা ২৪ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করা হবে। শিগগিরই কোম্পানি পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রসপেক্টাস প্রকাশ করা হবে, যাতে শেয়ার কেনার আবেদন ও টাকা জমা নেওয়ার সময়সূচির উল্লেখ থাকবে।
কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটির বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।
বুক-বিল্ডিং পদ্ধতির আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে বিডিং বা নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনীয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে নিলামের আয়োজন করা হয়। গত ২০ নভেম্বর, সোমবার বিকাল ৪ টায় এই নিলাম শুরু হয়, আর তা ২৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত চলে।
বেস্ট হোল্ডিংসের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে; এগুলো হচ্ছে-আইকনএক্স হোটেলস লিঃ ও ধামশুর ইকোনমিক জোন লিঃ। দুটি কোম্পানিরই ৫১ শতাংশ করে শেয়ার ধারণ করছে বেস্ট হোল্ডিংস।
বর্তমানে বেস্ট হোল্ডিংসের পরিশোধিত মূলধন ৯২৫ কোটি ৫৭ লাখ টাকা।
আইপিওর প্রসপেক্টাস অনুসারে, সর্বশেষ অর্থ বছরে (২০২২-২৩) বেস্ট হোল্ডিংস লিমিটেড ১১৪ কোটি ৪৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। কোম্পানিতে রিটেইন্ড আর্নিংস বা অবণ্টিত মুনাফা আছে ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০২২-২০২৩ অর্থ বছরে ১ টাকা ২৩ পয়সা এবং যা আগের বছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থ বছরে ১ টাকা ১২ পয়সা ছিল। তার আগের তিন বছরে কোম্পানিটির ইপিএস ছিল যথাক্রমে ২০২০-২০২১ অর্থবছরে ৪২ পয়সা এবং ২০১৯-২০২০ অর্থবছরে- ৯৯ পয়সা।।
গত ১০ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন করে। আইপিও অনুমোদনের সময় দেওয়া শর্ত অনুসারে, আইপিওর আগে ইস্যু করা সব শেয়ার কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে প্রথম লেনদেনের তারিখ থেকে তিন বছরের জন্য লক ইন থাকবে।
গত বছরের ২৬ অক্টোবর থেকে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করা পর্যন্ত সময়ের মধ্যে অন্য কোনো শেয়ার ইস্যু করা যাবে না। আইপিওর আবেদনের ক্ষেত্রে কোম্পানিটি সব ধরনের সংশ্লিষ্ট আইন ও সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে শান্তা ইক্যুইটিজ লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)