Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্বদেশ ইসলামী লাইফের ১৫ কোটি টাকা আত্মসাত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৩ , ৭:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ৭:১৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: স্থায়ী আমানতের প্রায় ১৫ কোটি টাকা আত্মসাত করেছে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স- এমন আশঙ্কা করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ‘বীমা আইন লঙ্ঘন করে স্থায়ী আমানতের বিপরীতে ব্যাংক ঋণ গ্রহণ করায়’ নতুন প্রজন্মের জীবন বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে আইডিআরএ।

‘বীমা আইন ২০১০ এর ধারা ১০ ধারা’ লঙ্ঘনের অভিযোগ এনে ইতোমধ্যে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত)-কে নিবন্ধন স্থগিতর বিষয়ে- কারণ দর্শানোর নোটিশ দেয় আইডিআরএ।

এতে বলা হয়েছে, স্বদেশ লাইফের পরিশোধিত মূলধনের অর্থ তফসিলি ব্যাংকে দায়মুক্তভাবে জমা রাখার আইনী বাধ্যবাধকতা থাকলেও এনআরবিসি ব্যাংকে রাখা স্থায়ী আমানতের (Paidup Capital) বিপরীতে ১৪.৩০ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে স্বদেশ ইসলামী লাইফ। এই বিপুল পরিমান অর্থ আত্মসাত করা হয়েছে বলে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মনে করছে।

এই ঋণ গ্রহণ বীমা আইনের ২১(২) ধারার সুস্পষ্ট লংঘন- এমন তথ্য জানিয়ে আইডিআরএর চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, স্থায়ী আমানতের বিপরীতে ঋণ গ্রহণের তথ্য পরিদর্শনকারী কর্মকর্তাদের দেয়া হয় নি, এবং কোম্পানির আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত হয়নি। এই বিপুল পরিমান অর্থ আত্মসাত করা হয়েছে- বলছে আইডিআরএ।

পরিচালক আবদুল মজিদ স্বাক্ষরিত চিঠিতে, আইডিআরএ স্বদেশ লাইফের বিরুদ্ধে বীমা আইন ২০১০ এর ১০(১)(২) ধারা অনুযায়ী স্বদেশ লাইফ ইন্সুরেন্সের কার্যক্রম ‘অনৈতিক কর্মকান্ডের সামিল’ উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় কেন স্বদেশ লাইফের নিবন্ধন স্থগিত করা হবে না, এর ব্যাখ্যা- আগামী ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। এই চিঠির অনুলিপি স্বদেশ লাইফের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমানকেও দিয়েছে আইডিআরএ।

উল্লেখ্য, আইন লঙ্ঘন করে অবৈধ ব্যয় ও মাত্রাতিরিক্ত কমিশন ব্যয়, গ্রাহকের প্রিমিয়ামের টাকা সিইও-এর ব্যক্তিগত ব্যাংক হিসেবে লেনদেন, কোম্পানির পরিচালকদের মধ্যে পারস্পরিক চরম অসন্তোষ ও অন্তঃদ্বন্দ্ব – এমন অসংখ্য সমস্যা, অনিয়ম ও লুটপাটে অস্তিত্ব সংকটে পড়েছে এই জীবন বীমা প্রতিষ্ঠানটি।

আইডিআরএ’র তদন্তে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে সীমাহীন অনিয়মে জড়িয়ে পড়ার তথ্য উঠে আসে। দুর্নীতির আখড়া স্বদেশ লাইফ থেকে গ্রাহকদের বিমা দাবির টাকা পাওয়া ঝুঁকির মধ্যে পড়েছে।

অতিরিক্ত এজেন্ট কমিশন, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ড গঠন করতে না পারা, পলিসি নবায়নের হার কমে যাওয়া, কোম্পানির পরিশোধিত মূলধন থেকে অর্জিত সুদের টাকা খরচ, সিইও নিয়োগের শর্ত অমান্য করে ইনসেন্টিভ বোনাস গ্রহণ–আইন লঙ্ঘনের এমন অসংখ্য অভিযোগে স্বদেশ লাইফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় আইডিআরএর। যার ধারাবাহিকতায় এর আগে, স্বদেশ ইসলামী লাইফের নতুন বীমা পলিসি ইস্যুর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)