স্টাফ রিপোর্টার: মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। মিউচুয়াল ফান্ড খাতকে যত শক্তিশালী করা যাবে, দেশের পুঁজিবাজার ততটাই শক্তিশালী হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বুধবার, ১৩ ডিসেম্বর বিএসইসি আয়োজিত ‘রেগুলেটরি ওভারসাইট অ্যান্ড গভর্ন্যান্স অব মিউচুয়াল ফান্ডস ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মিউচুয়াল ফান্ড খাতের অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় দেশের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ফান্ড ম্যানেজার, ট্রাস্টি ও কাস্টডিয়ান কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান কর্মশালায় মূল বক্তব্য দেন এবং বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।
বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য এ খাতে সুশাসন নিশ্চিতে সব অংশীজনকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন। বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতি, পুঁজিবাজার ও বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, মিউচুয়াল ফান্ড খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারলে এবং এ খাতে বিনিয়োগে আগ্রহী করতে পারলে এ খাতকে বহুগুণে বাড়ানো সম্ভব। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারকে দৃঢ় ও শক্তিশালী অবস্থানে দেখতে চাইলে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বড় ভূমিকা রাখতে সক্ষম।
বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান দেশের পুঁজিবাজারে বিদ্যমান মিউচুয়াল ফান্ড, এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট নীতিসংক্রান্ত ইস্যু এবং এ খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধান নিয়ে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে মিউচুয়াল ফান্ডের আয়কর অব্যাহতির বিষয়টি নিয়ে পূর্ণ সমাধান আসায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
তিনি জানান, দেশে মিউচুয়াল ফান্ড খাতের সম্প্রসারণের জন্য আগামীতে সক্ষমতা বৃদ্ধি এবং বিধিবিধান ও নীতিসংশ্লিষ্ট পুনর্গঠনে কমিশন কাজ করছে। এছাড়া এ খাতে রেগুলেটরি অ্যাকশনগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সমন্বিত উদ্যোগে কাজ করবে। দেশের মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের জন্য নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্ট সব পক্ষের একসঙ্গে কাজ করা প্রয়োজন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি সব রকম চেষ্টা করে যাচ্ছে, আপনারাও আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখুন। তিনি মিউচুয়াল ফান্ড খাতকে শক্তিশালী রূপ দিতে কমিশন সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)