Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অ্যাসোসিয়েটেড অক্সিজেন তদন্তের সময় আরো বাড়ল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আর্থিক প্রতিবেদন ও অনিয়মিত উৎপাদন কার্যক্রমের উপর তদন্ত করার সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হকের ১৪ ডিসেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে সময় বাড়ানোর বিষয়টি তদন্ত কমিটিকে জানানো হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা পণ্য কেনার অজুহাতে যোগাযোগ করলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয় কয়েক মাস ধরে তাদের কারখানা বন্ধ। এরপর ডিএসই বিষয়টি কমিশনকে অবহিত করলে বিএসইসি তা তদন্ত করার সিদ্ধান্ত নেয়।

এর প্রেক্ষিতে গত ২৩ আগস্ট অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এবং সহকারী পরিচালক মো. আব্দুল আউয়ালকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে রিপোর্ট জমা দিতে না পারায় ২২ অক্টোবর প্রথমবারের মতো সময় বাড়ায় বিএসইসি। এরপর ১৪ ডিসেম্বর আরেক দফা সময় বাড়ায়। এই দফায় ৬০ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে।

২০২০ সালে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১০ টাকা অভিহিত মূল্যে এক কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে এই টাকা তুলে অ্যাসোসিয়েটেড অক্সিজেন নতুন মজুত ছাউনি ও নতুন প্লান্ট শেড তৈরি করে ব্যবসা বাড়ানোর লক্ষ্য ঠিক করেছিল।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনায় ছিল বিডি ফাইন্যান্স ক্যাপিটাল।

প্রসঙ্গত, কোম্পানিটি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, মেডিকেল গ্যাস এবং ওয়েল্ডিং গ্যাস উৎপাদন ও সরবরাহ করে থাকে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)