পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাকংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছে পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর একটি প্রতিনিধি দল।
রবিবার (২৪ ডিসেম্বর) ডিবিএর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম-এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন।
দেশের পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে একাত্ন হয়ে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বিএসইসি চেয়ারম্যান ডিবিএর নবনির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ নবগঠিত পর্ষদের সকল সদস্যদের অভিনন্দন জানান। এসময় বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে ডিবিএ প্রতিনিধি দলের সাথে আলোচনা ও মতবিনিময় করেন এবং শীগগির পরিস্থিতির উন্নতি হয়ে বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে ডিবিএ প্রেসিডেন্ট ইসলাম স্টক ব্রোকারদের নানান সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানে বিএসইসির সহযোগিতা কামনা করেন। বিএসইসি চেয়ারম্যান ব্রোকারদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
ডিবিএ প্রেসিডেন্ট বাজারের উন্নয়নে বিএসইসি চেয়ারম্যান ও তাঁর কমিশনের নানামূখী উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীদিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিবিএর পক্ষ থেকে তাঁর কমিশনকে সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, পরিচালক শরীফ আতাউর রহমান, দস্তগীর মো. আদিল, মাসুদুল হক, দিল আফরোজা কামাল, মামুন আকবর, মোহাম্মদ আহসান উল্লাহ, সুমন দাস, মো. শাহেদ ইমরান, আর. ওয়াই. শমসের ও মো. রাফিউজ্জামান বোখারী উপস্থিত ছিলেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)