Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজারের দুর্নীতির তথ্য প্রকাশে মামলা, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৩ , ৮:২১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় বৈশাখীনিউজটোয়েন্টিফোর.কমের প্রতিবেদক স্বপ্ন রোজের বিরুদ্ধে সম্প্রতি মামলা দায়ের করেন শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের পারিচালক কাজী সাইফুল ইসলাম। মামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিক নেতারা।

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমা।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, আমি স্বপ্ন রোজকে বলতে চাই, এই মামলার বিষয়ে আপনার ওপর যদি কোনো আক্রমণ বা হামলা হয়, তাহলে আপনার পাশে থাকবে বিএফইউজে। সারাদেশে বিএফইউজের অঙ্গসংগঠনগুলোও পাশে দাঁড়াবে।

তিনি বলেন, শুধু সাংবাদিক স্বপ্ন রোজের ক্ষেত্রেই নয়, দেশের যে কোনো স্থানে সাংবাদিকদের ওপর হামলা বা হয়রাণিমূলক মামলা হলেই আমরা রাজপথে দাঁড়াবো, প্রতিবাদ জানাবো।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম বলেন, তারা দুর্নীতিবাজ, পুঁজিবাজারের মাফিয়া। তারা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করছে। তাদের কতো দুঃসাহস যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে! এই মাফিয়া লুটেরাদের শক্তির উৎস কোথায়, তা খুঁজে দেখতে হবে।

বিএফইউজের নির্বাহী সদস্য উম্মুলওয়ারা সুইটি বলেন, যখনই কোনো দুর্নীতিবাজ দেখে যে সাংবাদিকদের কলম তার বিরুদ্ধে শানিত হচ্ছে, তখনই তারা মামলা করে তাকে থামিয়ে দিতে চেষ্টা করে। আমরা দেখতে চাই কারা সাংবাদিকদের কন্ঠ রোধ করতে চায়? কলম ছিনিয়ে নিতে চায়? স্বপ্ন রোজ যে রিপোর্ট করছে সেটা বস্তুনিষ্ঠ ও তথ্য সমৃদ্ধ এবং রিপোর্টের স্বপক্ষে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তাকে হয়রানি করতে তারা এই মামলা দিয়েছে।

মানববন্ধনে স্বপ্ন রোজ বলেন, প্রতিবেদনের সব তথ্য আমার কাছে আছে। আমি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাকে আমার প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে অনুরোধ করছি। ইতোমধ্যে সরকারের অন্য সংস্থাগুলোকে প্রতিবেদনের সব তথ্য সরবরাহ করেছি।

বিএসইসি চেয়ারম্যানকে তাদের দুর্নীতির, শেয়ার চুরির তথ্য দিতে আমি প্রস্তুত। প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় অনুরোধ জানান তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য দেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক আবু সাঈদ, ডিইউজের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সাংবাদিক নেতা শাহজাহান সাজু, সাংবাদিক নেতা সাজেদা হক, ডিএসইসির যুগ্ম সম্পাদক লাবিন রহমান, নির্বাহী সদস্য মনসুর আহমেদ, হালিমা খাতুন, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক রফিকুল ইসলাম কচি।

আরো অংশ নেন কদমতলী থানা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ শাহিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ অনেকে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)