Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ন্যাশনাল ব্যাংকের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নতুন পর্ষদের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৩ , ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছে। পর্ষদের প্রথম সভা  বুধবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা হয়েছে, ব্যাংকটিতে নতুন করে আর যাতে কোনো অনিয়ম না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আগে যেসব অনিয়ম হয়েছে, তার বিরুদ্ধেও পদক্ষেপ নেবে ব্যাংকটি।

সভায় এ–ও সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে ব্যাংকটির যেসব ঋণে অনিয়ম ও যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে নতুন পরিচালনা পর্ষদ। ব্যাংকের নবগঠিত পর্ষদের একাধিক পরিচালক এ তথ্য জানিয়েছেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুপারিশ ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। গতকাল নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৯১তম সভায় সভাপতিত্ব করেন তিনি। এ সময় নবগঠিত পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালকসহ অন্য পরিচালকেরাও উপস্থিত ছিলেন।

সভার বিষয়ে জানতে চাইলে সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, পর্ষদের সবাই একমত হয়েছে, ব্যাংকটিতে আর অনিয়ম হতে দেওয়া যাবে না। আবার আগের অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে নতুন পর্ষদ কেন, এটাও বড় প্রশ্ন। তাই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। প্রথম সভায় এসব নিয়ে আলোচনা হয়েছে। মনে হয়েছে, সবাই এমনটা চায়।’

চেয়ারম্যানের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন।
এ ছাড়া শেয়ারধারী চার পরিচালকের মধ্যে পারভীন হক সিকদার, উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমান ও উদ্যোক্তা শেয়ারধারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সরাসরি উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন সিকদার ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মো. সফিকুর রহমান।

গত বৃহস্পতিবার আগের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে ব্যাংকটির এমডিকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। এতে বাদ পড়েন আগের পর্ষদের চেয়ারম্যান মনোয়ারা সিকদার, পরিচালক রন হক সিকদার, রিক হক সিকদার, নাইমুজ্জামান ভূঁইয়া ও মুরশিদ কুলি খান। তাঁদের মধ্যে প্রথম তিনজন শেয়ারধারী পরিচালক এবং বাকি দুজন স্বতন্ত্র পরিচালক ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)