Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩, ২০২৪ , ৪:৫৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পরেছে দেশের পুঁজিবাজারে। বুধবার, ০৩ জানুয়ারী দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানেও লেনদেন তিন’শ কোটির নিচে। যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বুধবার ডিএসইতে ২৯২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৮ মার্চ ডিএসইতে ২৭২ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে আগের দিন থেকে ২২৪ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার টাকা কম লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ৫১৬ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির ১২ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ ২৯ হাজার টাকার। আর ১০ কোটি ২০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২ পয়েন্টে।

বুধবার ডিএসইর দর পতনের শীর্ষে ছিলো প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯ টাকা ১০ পয়সা। লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সা। বুধবার কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ কমেছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৮.৯০ শতাংশ। আর ১ টাকা ৪০ পয়সা বা ৪.৪৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

বুধবার ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)