Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তার দণ্ড চেম্বারে স্থগিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২৪ , ৫:০৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বার বার হাইকোর্টের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তাকে তিনমাস করে দণ্ড (সিভিল জেল) দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

ব্যাংকের পক্ষে করা এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

অভিযুক্ত কর্মকর্তারা হলেন- অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ ওয়াহিদা বেগম, উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ শ্যামল কৃষ্ণ সাহা এবং জেনারেল ম্যানেজার ফজলুল করিম। অন্যজন ব্যাংকের প্রিন্সিপাল শাখার বর্তমান জেনারেল ম্যানেজার একেএম ফজলুল হক।

এর আগে মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের করা আবেদনের শুনানি নিয়ে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামানের একক বেঞ্চ তিন মাসের দণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. নুরুল আমীন।

এ বিষয়ে সেদিন অ্যাডভোকেট নুরুল আমীন বলেন, ‘রায় হাতে পাওয়ার এক মাসের মধ্যে তাদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পরে বিস্তারিত বলা যাবে।’
  • অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার কারাদণ্ড

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)