Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ঈদের আগে রেমিট্যান্স বাড়ল

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৪ , ৭:৫৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বেড়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ৪৪ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি মার্চের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১১০ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ২০৮ কোটি টাকা।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ২৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ১৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২০ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। আর ফেব্রুয়া‌রিতে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।

এর আগে গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ১৬১ কোটি সাত লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)