Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২৪ , ৯:০২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৮, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, লভ্যাংশ ঘোষণার কারণে নিয়ম অনুযায়ী আজ ব্যাংকটির শেয়ারের দামের উত্থান-পতনের ক্ষেত্রে কোনো ধরনের সীমা আরোপিত থাকছে না।

শাহজালাল ইসলামী ব্যাংক ২০২২ সালে গ্রাহকদের মোট ১৫ শতাংশ (নগদ ১২ শতাংশ এবং ৩ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছিল। তবে এ বছর কোনো বোনাস লভ্যাংশ দেয়নি ব্যাংকটি। এর পরিবর্তে ১৪ শতাংশের পুরোটাই নগদ লভ্যাংশ আকারে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, সর্বশেষ হিসাব বছরে (২০২৩) শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২২ পয়সা। ২০২২ সালেও ব্যাংকটির ইপিএস ৩ টাকা ২২ পয়সা ছিল।

অন্যদিকে গত ৩১ ডিসেম্বর শেষে শাহজালাল ইসলামী ব্যাংকের পুনর্মূল্যায়নকৃত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৮ পয়সা। এটি ২০২২ সালে ছিল ১৯ টাকা ৭২ পয়সা। এ ছাড়া গত বছর শাহজালাল ইসলামী ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১০ টাকা ১৯ পয়সা; যা এর আগের বছর ছিল ৩ টাকা ৫২ পয়সা।

শেয়ারবাজারে দেওয়া ঘোষণায় শাহজালাল ইসলামী ব্যাংক জানিয়েছে, কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত গ্রাহকদের কাছ থেকে আমানত বৃদ্ধির কারণে এই বৃদ্ধি হয়েছে বলে ব্যাংকটি জানিয়েছে।

আগামী ৩০ মে ডিজিটাল প্ল্যাটফর্মে শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ৮ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)