Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গুজব রটানোয় তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২৪ , ১২:০২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ১২:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রায় প্রতিদিনই দরপতন হচ্ছে দেশের পুঁজিবাজারে। শেয়ার ও ইউনিটের দাম কমার কারণে বিনিয়োগ করা অর্থ হারাচ্ছেন বিনিয়োগকারীরা। লোকসানের হাত থেকে বাঁচাতে দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে দিন যত যাচ্ছে লোকসানের পাল্লা ভারী হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা।

এ পরিস্থিতিতে পুঁজিবাজারে কারসাজি ও গুজব রটানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সম্প্রতি পুঁজিবাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ গ্রাহককে তাদের শেয়ার বিক্রি করে লাভের চাইতে লোকসান গুনতে হচ্ছে বেশি। এক শ্রেণির অসাধু ব্যক্তি এই শেয়ারের দাম নিয়ে কারসাজি করছেন। আবার কেউ কেউ গুজব রটাচ্ছেন। এসব অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি ডিবি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)