Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এনআরবিসি ব্যাংক

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২৪ , ৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে নিবন্ধিত এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৩ সালে ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হবে।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে মঙ্গলবার, ৩০ এপ্রিল হাইব্রিড পদ্ধতিতে (অফলাইন ও অনলাইন) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৮৩তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, মোহাম্মদ অলিউর রহমান, লকিয়ত ঊল্লাহ, মোহাম্মদ নাজিম, একেএম মোস্তাফিজুর রহমান, এএম সাইদুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব) আবু এশরার, ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ডিএমডি রবিউল ইসলাম, কবীর আহমেদ, হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিবসহ উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

আগামী ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার ব্যাংকের ১১ম বার্ষিক সাধারণ সভা  এবং ২১ মে ২০২৪, মঙ্গলবার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের বার্ষিক নিরীক্ষিত আর্থিক বিবরনী অনুমোদিত হয়।

আর্থিক বিবরণী অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা এবং আগের বছর যা ছিল ২ টাকা ৩৩ পয়সা। এককভাবে ইপিএস ২ টাকা ১০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সায়। গত বছরের ডিসেম্বর শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৩ কোটি ৩৮ লাখ টাকা এবং আগের বছরের ডিসেম্বরে যা ছিল ২৫ হাজার ৬২ কোটি ২০ লাখ টাকা।

এছাড়া সমন্বিতভাবে বছর শেষে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ৭৪২ টাকা। ২০২২ সালের ডিসেম্বরে যা ছিল ১ হাজার ৩২৭ কোটি ২ লাখ ৮৩ হাজার ৮৬২ টাকা। এককভাবে এনএভি হয়েছে ১ হাজার ৪১৮ কোটি ৪ লাখ ৪১ হাজার ৫০৪ টাকা। আগের বছরের ডিসেম্বরে ছিল ১ হাজার ২৯৩ কোটি ৫৩ লাখ ২০ হাজার ২১৩ টাকা।

এছাড়া সমন্বিতভাবে ২০২৩ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৮ পয়সা এবং আগের বছরের ডিসেম্বরে যা ছিল ১৬ টাকা ১ পয়সা। আর এককভাবে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা। গত ২০২২ সালের ডিসেম্বরে যা ছিল ১৫ টাকা ৬১ পয়সা।

পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, গত বছরে ব্যাংকটি তার নেটওয়ার্ক বিস্তার এবং ব্যাংকিং সেবার প্রসার ঘটিয়েছে। শাখা, উপশাখা ও বুথমিলে সারাদেশে ১ হাজার ৬১৬টি স্থান থেকে সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক। ২০২৩ সালের ডিসেম্বরে ঋণের পরিমান দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময় র্ছিল ১৩ হাজার ৬১৭ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বর শেষে আমানতের পরিমান দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৮ কোটি টাকা। ২০২৩ সালের চূড়ান্ত হিসেবে প্রভিশন সংরক্ষণ ও করপরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১৮৪ কোটি ৬৩ লাখ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)