Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লোকসানে থাকা সেই কে অ্যান্ড কিউয়ের মুনাফায় চমক

প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৪ , ১২:০০ অপরাহ্ণ | আপডেট: মে ২, ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার: মাল্টিমোড গ্রুপের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড তৃতীয় আর্থিক প্রতিবেদনে মুনাফার চমক দেখিয়েছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১১ পয়সা।

২০২২ সালের অর্ধ-বার্ষিকে প্রতি শেয়ারে লোকসান ছিল ১৬ পয়সা। পরের বছরে ২০২৩ সালে তার বিপরীতে শেয়ারপ্রতি আয় করে ২৬ পয়সা। লোকসানের সেই অবস্থান থেকে চলতি বছরে তৃতীয় আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা।

মাল্টিমোড গ্রুপের কোম্পানিটি করোনা পরবর্তী সময়ে অর্থাৎ ২০২২ সালে আর্থিক সক্ষমতা অনেক কমে। যে কারণে মাত্র ২৯ লাখ টাকা মুনাফা করলেও বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দিতে পারেনি। সেই প্রতিষ্ঠান চলতি বছরের আর্থিক সক্ষমতায় চমক সৃষ্টি করেছে।

বর্তমানে কারখানা প্রাঙ্গণে একটি সিএনজি ফিলিং স্টেশন পরিচালনা এবং ভুটান ও ভারত থেকে পাথর আমদানি বিক্রি করছে।

ডিএসই থেকে প্রকাশিত বৃহস্পতিবারের তথ্যচিত্র

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানির ২ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৩৬ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২  টাকা ৯৮ পয়সা।

লোকসান কাটিয়ে ওঠার প্রথম চিত্র প্রকাশ পায় গত বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্ব’২৩) আর্থিক প্রতিবেদনে। এ সময়ে কোম্পানির মুনাফা ৬২ শতাংশ বাড়ে। লোকসান কাটিয়ে জুলাই-ডিসেম্বর সময়ের মধ্যে ১৩ লাখ ৩৮ হাজার টাকা নিট মুনাফা করে, যা করোনাকালের ২০২১-২২ অর্থবছরে বা ২২ সালের সময়ে ছিল ৮ লাখ ২৩ হাজার টাকা।

সিএনজি ব্যবসার পাশাপাশি অকটেন ও পেট্রোল বিক্রি করে বেশ মুনাফা করেছে বলে জানিয়েছেন কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড কোম্পানির সেক্রেটারি সাঈদ আহমদ। তিনি বলেন, ২০২২ অর্থবছরে কোম্পানিটি সিএনজি ব্যবসা থেকে ৬ কোটি ৬২ লাখ টাকা আয় করেছে, যা আগের বছরে ছিল ৭ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসইতে বৃহস্পতিবার শেয়ারপ্রতি দরের চিত্র

এছাড়া, বালু ও পাথর ব্যবসা থেকে এর আয় আগের বছরের ৩.৫৩ কোটি টাকার বিপরীতে ২০২২-২৩ অর্থবছরে ৩.০৬ কোটি টাকা রেকর্ড করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে তার পরিশোধিত মূলধন বর্তমান ৪ কোটি ৯০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ কোটি টাকা করতে বলেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)