Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনসিসি ব্যাংকের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৪ , ৫:৩৮ অপরাহ্ণ | আপডেট: মে ৭, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮২ পয়সা।

আগামী ১ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২ জুন রেকর্ড ডেট অনুষ্ঠিত হবে।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৭ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৯০ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ১১ পয়সা। সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ব্যাংকটি।

৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে এনসিসি ব্যাংক। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে একই সময় যা ছিল ২ টাকা ২০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এনসিসি ব্যাংক। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। এর আগে ২০১৯ হিসাব বছরে ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ২ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এনসিসি ব্যাংক।

২০১৭ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ব্যাংকটি। তার আগে ২০১৬ হিসাব বছরে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডাররা। এছাড়া ২০১৫ হিসাব বছরে ১২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এনসিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১৪০ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২০৫ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৬ দশমিক ৯০ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ৪০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে দশমিক ৩৭ শতাংশ এবং বাকি ৩৯ দশমিক ৩৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে এনসিসি ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০ টাকা ৮০ পয়সা ও ১৪ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)