Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আর্থিক খাতের নির্দেশনা মানছে না অনেক ব্যাংক

প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২৪ , ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: জুন ৪, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর শাখার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সময়ে নির্দেশনা দিয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির নির্দেশনা মানছে না অনেক ব্যাংক।

সোমবার, ৩ জুন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি দেশের তফসিলি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সব তফসিলি ব্যাংকের ব্যবসা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি বা আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভি বা স্পাই ক্যামেরাগুলো ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সাথে সংযুক্ত রাখা, সার্বক্ষণিক সচল রাখাসহ মনিটরিংয়ের আওতায় আনা এবং ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে নিকটস্থ থানা পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরও বলা হয়, ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী রাখতে হবে এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

কিন্তু কিছু কিছু ব্যাংক তাদের ব্যবসা কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিতে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন করছে না বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এমন অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে ফের নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণকারী এ সংস্থাটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)