Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডলারের দাম বেড়ে ১২৪ টাকায়

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৪ , ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

খোলাবাজারে মা‌র্কিন ডলারের দাম বেড়ে ১২৪ টাকায় উঠেছে। রে‌মিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় প্রভাবে এ দাম বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার, ৩০ জুলাই রাজধানীর ম‌তি‌ঝিল দিলকুশা এলাকায় বি‌ভিন্ন মা‌নি চেঞ্জার হাউজে খোঁজ নি‌য়ে এমন তথ্য জানা গে‌ছে।

সংকট কাটাতে নেওয়া কোনো উদ্যােগই কাজে আসেনি। তবুও বেশ কিছু দিন অনেকটা স্থিতিশীল অবস্থায় ছিল ডলারের দর। তবে সেই স্থিতিশীল থাকা ডলারের দর আবারও বাড়তে শুরু করেছে।

এদিকে কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতির আগেও নগদ ডলার বিক্রি হয়েছে ১২০ টাকা থেকে ১২১ টাকা ৫০ পয়সায়। ব্যাংকগুলোও রেমিট্যান্সের ক্ষেত্রে ১১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে। এর আগে রেমিট্যান্স কেনায় দর ছিল ১১৭ টাকা।

মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিন অফিস বন্ধের পর ডলারের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। সে তুলনায় সরবরাহ কম। যার ফলে চাহিদার তুলোনায় সরবারহ কম থাকায়  দাম বেড়েছে।

চলতি বছরের মে এবং জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল দেশে। ডলারের দর বাড়ানোর পর মে মাসে আসে ২২৫ কোটি ডলার এবং জুন মাসে ২৫৪ কোটি ডলার। চলতি মাস জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ভালো রেমিট্যান্স আসে। তবে শিক্ষার্থীদের আন্দোলন আর তিন কার্যদিবস সাধারণ ছুটিসহ ৫ দিন ব্যাংক বন্ধের পর থেকে রেমিট্যান্স প্রবাহে ধীরগতি চলে আসে।

চলতি মাস জুলাই এর ১৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত ১০ দিনে রেমিট্যান্স এসেছে মাত্র ২৩ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে ২ কোটি ৩৫ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। জুলাই মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত এসেছিল ১৪২ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে জুলাই মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে ৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। শুরুর ১৮ দিনের ধারা বজায় থাকলে পুরো মাসে আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসার কথা ছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)